ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ওপর “চরম জুলুম” করা হচ্ছে এবং এবারের ঈদযাত্রায় দেশ ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর শহর থেকে বিপুল সংখ্যক মানুষ গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতে যান। কিন্তু এবার সেই যাত্রায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। তার দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রাথমিক বক্তব্য থেকেই বর্তমান অব্যবস্থাপনার ভিত্তি তৈরি হয়েছে।
ভাড়া নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, বাস মালিকরা স্বাভাবিকের চেয়ে কম ভাড়া নিচ্ছে—এমন দাবি “চরম মিথ্যাচার”।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, দেশ আবারও ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে কি না। একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেন, জনগণ ও যুবসমাজ কোনো ধরনের স্বৈরাচার মেনে নেবে না।
তিনি সংশ্লিষ্টদের সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান জানান এবং বলেন, অন্যথায় এর দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।