রাজধানী ঢাকার আবহাওয়ায় শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। দিনের শুরুতে আকাশ জুড়ে ঘন কালো মেঘ দেখা যায়, যা সময়ের সঙ্গে আরও ঘনীভূত হয়ে ওঠে।
সকাল ১০টার দিকে হঠাৎ করেই দমকা হাওয়ার সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পায়। কিছু এলাকায় সকাল ১১টার দিকে ধূলিঝড়েরও খবর পাওয়া গেছে। একই সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা যায়, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
ঈদুল ফিতরের আগের দিন হওয়ায় অনেক মানুষ রাজধানীর বাইরে অবস্থান করছেন। তবে যারা ঢাকায় রয়েছেন, তাদের অনেকেই ঝড় শুরু হলে নিরাপত্তার জন্য ঘরের ভেতর অবস্থান করেন।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে। এসবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন ঘটছে।
সংস্থাটি আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংশ্লিষ্টরা সবাইকে ঝড়ের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।