শোলাকিয়ার ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের সুবিধার্থে এবারও ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে সকাল ৫:৪৫ মিনিটে ছেড়ে সকাল ৮:৩০ মিনিটে কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছাবে। জামাত শেষে ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে ফিরে আসবে। এই রুটে ট্রেনটি শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি, নীলগঞ্জ স্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে।
দ্বিতীয় ট্রেনটি ভৈরব জংশন থেকে সকাল ৬টায় কিশোরগঞ্জ অভিমুখে ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে। জামাত শেষে ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরবে ফিরে যাবে। এর পথে কালিকা প্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি ও গচিহাটা স্টেশনে যাত্রাবিরতি হবে।
এবার কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত, সকাল ১০টায়। দেশের বৃহত্তম এই ঈদ জামাতে ময়মনসিংহ অঞ্চলের মুসল্লিরা যাতে অংশ নিতে পারেন, সেজন্যই প্রতি বছর বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন চালু করে আসছে।