পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের প্রায় ১০০ পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে বাংলাদেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার একদিন পূর্বেই ঈদ পালন করেছেন। পটুয়াখালী জেলার ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ‘বদরপুর দরবার শরীফে’ ঈদের নামাজ আদায় করেন। বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শফিকুল আলম গনি আজ ঈদের জামাতে ইমামতি করেন ।
ঈদের জামাতে অংশ নেওয়া হানিফি মাজহাব ও কাদেরিয়া তরিকার অনুসারী আব্দুর রহমান জানান, জন্মের পর থেকে আমরা এভাবে ঈদ উদযাপন করে আসছি। প্রায় ১০০ বছর ধরে আমাদের এমন নিয়ম জানিয়ে তিনি আরও বলেন, আমাদের পীরসাহেবের নির্দেশক্রমে আমরা ঈদ পালন করি। আমরা রোযাও রাখি একদিন আগে, তাছাড়া কোরবানীর ঈদও পালন করি বাংলাদেশের মানুষের ১ দিন আগেই।
শুক্রবার সদর উপজেলার বদরপুর, ছোটবিঘাই; গলাচিপা উপজেলার পশুরী বুনিয়া, সেনের হাওলা, কানকুনি পাড়া, মৌডুবি, নিজ হাওলা; বাউফল উপজেলার রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, কনকদিয়া; কলাপাড়া উপজেলার ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া এবং দক্ষিণ দেবপুরসহ আরও বেশ কয়েকটি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
"হাদিস ও কোরআনে বর্ণিত আছে, চাঁদ দেখার সংবাদ পেলেই যেন ঈদ পালন করা হয়" জানিয়ে বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শফিকুল আলম গনি বলেন, ১৯২৮ সাল থেকে প্রতিবছর কোথাও চাঁদ দেখা গেলেই সহীহভাবে ঈদ পালন করে আসছি। আজকে ঈদের সালাতের মাধ্যমে আমরা মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করেছি।