ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস পেলো ৫২৩ টি অসচ্ছল পরিবার। শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ৫২৩টি অসচ্ছল পরিবারের মাঝে নামমাত্র মূল্যে গরুর মাংস বিক্রি করা হয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে গত ছয় বছর ধরে একইভাবে এই কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
এ ছাড়া প্রতি বছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে সংগঠনটি। আজকের আয়োজন তারই অংশ।
মাংস কিনতে আসা আয়শা বেগম ও সামিয়া বেগম বলেন, ১০ টাকা এখন বাচ্চাদের দিলেও নিতে চায় না। অথচ আমরা সেই টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারছি। এমন উদ্যোগে আমরা সত্যিই আনন্দিত।
সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, আমরা চাই, অসহায় মানুষ যেন মনে না করে, তারা দান নিচ্ছে। নিজের টাকায় কিনে সম্মানের সঙ্গে মাংস নিতে পারে সেই চিন্তা থেকেই প্রতীকী মূল্যে ১০ টাকায় মাংস বিক্রি করা হচ্ছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এবং ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।