ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে ট্রলারডুবির ঘটনায় নুরে আলম ওরফে বেচু মাঝি (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় দুই ছেলে প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে বাবার মরদেহ তীরে নিয়ে আসেন।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে চরপাতিলা বয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বেচু মাঝি চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের মৃত মজিবল হকের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
নিহতের ছেলে শাহীন জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি, তার বাবা ও ভাই সাকিল মেঘনায় মাছ ধরতে যান। শুক্রবার বিকেলে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তাদের ট্রলারটি উল্টে যায়। এ সময় বেচু মাঝি ট্রলারের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান এবং আর উপরে উঠতে পারেননি।
তিনি আরও বলেন, আমার ভাই সাকিল জালের বয়া ধরে ভেসে থেকে প্রাণে বেঁচে যায়। পরে কিছুক্ষণ পর বাবার মরদেহ ভেসে উঠলে আমরা দুই ভাই প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে মরদেহটি তীরে নিয়ে আসি।
পরে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বেচু মাঝির ৯ সন্তান রয়েছে, যার মধ্যে একজন ৩০ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে আছেন। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে। তারা সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ আইচা থানার এসআই হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিহত জেলে নিবন্ধিত হয়ে থাকলে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং মৎস্য বিভাগ তাদের পাশে থাকবে।