মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি সম্পূর্ণভাবে খুলে না দিলে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দেন তিনি।
শনিবার (২১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি এবং কোনো ধরনের হুমকি ছাড়া খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং ধ্বংস করে দেবে সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই হামলা শুরু করা হবে।
তবে কোন বিদ্যুৎকেন্দ্রকে তিনি “সবচেয়ে বড়” হিসেবে উল্লেখ করেছেন, তা স্পষ্ট করেননি।
সময়সীমা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতের দিকে এই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরান পাল্টা সতর্কবার্তা দিয়েছে। দেশটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনায় হামলা চালানো হতে পারে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। এই প্রণালিতে উত্তেজনা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত সমাধান না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে।