| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, নেই ভোগান্তি

  • আপডেট টাইম: 22-03-2026 ইং
  • 45464 বার পঠিত
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, নেই ভোগান্তি

রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদের দ্বিতীয় দিনেও নির্বিঘ্নে ছেড়ে যাচ্ছে ট্রেন। সকাল থেকেই নির্ধারিত সময়সূচি মেনে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে একাধিক আন্তঃনগর ট্রেন। রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ সারাদিনে ঢাকা ছাড়বে মোট ৩২টি আন্তঃনগর ট্রেন।

ঈদের আগে তীব্র যাত্রীচাপের কারণে অনেকেই ভিড় এড়িয়ে ঈদের পরপরই যাত্রা শুরু করেছেন। ফলে তুলনামূলক কম ভিড়ে স্বস্তিতে ভ্রমণ করতে পারছেন যাত্রীরা। অনেকেই জানান, ঈদের ছুটির এই সময়টুকু প্রিয়জনদের সঙ্গে কাটাতেই তাদের এই যাত্রা।

অন্যদিকে, ঈদের দিন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে অনেক যাত্রী আজ থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ আরও বাড়তে পারে।

স্টেশন ম্যানেজার জানান, এবারের ঈদযাত্রা সার্বিকভাবে স্বস্তিদায়ক ছিল। শেষ মুহূর্তে কুমিল্লায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তার প্রভাব ট্রেন চলাচলে পড়েনি এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীচাপ লক্ষ্য করা গেছে। বিশেষ করে সকালে ছেড়ে যাওয়া মহানগর এক্সপ্রেস ট্রেনে আসনসংখ্যার প্রায় দ্বিগুণ যাত্রী বহন করতে দেখা যায়। ট্রেনের ভেতরের পাশাপাশি দরজা, সংযোগস্থল এমনকি ছাদেও যাত্রী উঠতে দেখা গেছে, যা নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সময়সূচি ঠিক থাকলেও যাত্রীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি হওয়ায় কিছুটা চাপ তৈরি হচ্ছে। তবুও সামগ্রিকভাবে ঈদ-পরবর্তী যাত্রা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪