চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাতার প্রবাসী মো. সোলায়মান (৩৫) নামে এক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দিবাগত রাতে থানার নতুন ফিশারিঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ বছর ধরে কাতারে প্রবাসী নিহত সোলায়মান দুই মাস আগে ছুটিতে দেশে আসেন। তিনি আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ বাড়ির বাসিন্দা মনিরুজ্জামানের ছেলে এবং তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট। একই এলাকার আতর আলী শাহ মাজারসংলগ্ন এলাকার আবুল কালামের মেয়ে ডলি আক্তারকে বিয়ে করেন সোলায়মান। তাদের সংসারে দুই ছেলে রয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে মোটরসাইকেলে শহর থেকে বাড়ি ফেরার পথে নতুন ফিশারিঘাট ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সোলায়মান ঘটনাস্থলে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।