গাজীপুরের সাফারি পার্কে ঈদের আনন্দ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোছাম্মৎ জোহরা বেগম (৬০) নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার টঙ্গী-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোহরা বেগম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া বেলাইদ এলাকার মরহুম সফুর উদ্দিনের কন্যা।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানান যায় সকালে নিহত জোহরা বেগমসহ প্রায় ৪০ জন মাধবদীর বাসিন্দা গাজীপুর সাফারি পার্কে ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণ শেষে সন্ধ্যায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। অটোরিকশার চালক দুর্ঘটনার পর গাড়িটি ফেলে পালিয়ে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।