ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী জিরা ও একটি ট্রাক জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
সোমবার (২৩ মার্চ) ভোর আনুমানিক সোয়া ৩টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, এসময় একটি সন্দেহজনক ট্রাককে থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে কৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেন।
এ ঘটনায় একটি বড় ট্রাকও জব্দ করা হয়েছে।
আটককৃত জিরা ও ট্রাকের বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মালামালসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।