| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 43854 বার পঠিত
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

ঈদুল ফিতরের ছুটি শেষ হতে না হতেই আবারও কর্মব্যস্ত রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, দিনের শুরুতে ঢাকার বাইরে যাওয়ার যাত্রীর চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঢাকামুখী মানুষের ভিড়।

স্টেশনে আগত যাত্রীদের অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে ফিরছেন। ট্রেন থেকে নেমেই ব্যস্ততার ছাপ দেখা যায় তাদের মুখে—কেউ ছুটছেন অফিসের দিকে, কেউবা বাসা পৌঁছাতে দ্রুত যানবাহন খুঁজছেন।

রেলস্টেশন এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্তৃপক্ষকে তৎপর থাকতে দেখা গেছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষে একসঙ্গে অনেক মানুষ ঢাকায় ফিরতে থাকায় ট্রেন ও অন্যান্য পরিবহনে কিছুটা ভিড় ও ভোগান্তি থাকলেও সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


প্রতি বছরের মতো এবারও ঈদ শেষে রাজধানীতে কর্মজীবী মানুষের ফিরে আসার এ চিত্র দেখা যাচ্ছে। ছুটি শেষে ধীরে ধীরে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে ঢাকায়।

এদিকে ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগের দিন সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চ ভোরের দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এসময়, যাত্রীরা জানান, পরিবারের সবাইকে নিয়ে খুশির ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নে ফিরেছেন ঢাকায়।

ছুটি শেষে আবারও কর্মদিবস শুরু হওয়ায় অনেকেই আজই অফিসে যোগ দেবেন। মাঝে দুইদিন কর্মদিবসের পর আবার তিনদিনের ছুটি থাকায় পরিবারের অনেক সদস্যই আগামী শুক্র ও শনিবার ঢাকায় ফিরবেন বলে জানান তারা।

উল্লেখ্য, গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪