মাদারীপুরে জেলা ছাত্রদলের এক যুগ্ম আহবায়ককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার তাঁতিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে একদল ব্যক্তি কাবির মোল্লার ওপর হামলা চালায়। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
আহত কাবির মোল্লা জানান, তিনি তাঁতিবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব অহিদ খান অভিযোগ করে বলেন, পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনার প্রতিবাদে সোমবার রাতেই বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের শকুনি লেকের পাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।