মাদারীপুরের রাজৈরে মেয়ের শ্বশুরবাড়িতে জমিজমা নিয়ে বিরোধের সালিশ করতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে ফল ব্যবসায়ী শশুর জাকির শেখ (৫৫)। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়েকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টাছ আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, রাজৈরের আমগ্রাম এলাকায় জাকির শেখের মেয়ে জামাই রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের মিমাংসা করতে মঙ্গলবার সকালে ওই বাড়িতে যান জাকির। সালিশীর সময় বাগতিণ্ডার একপর্যায়ে উত্তেজিত প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাতারি কুপিয়ে জাকির শেখ, তার স্ত্রী রেবা বেগম ও মেয়ে তাজনূর বেগমকে জখম করে। স্বজনরা তাদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় রাজৈর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকির শেখকে মৃত্যু ঘোষণা করেন এবং আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের পুত্র।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইদের চারটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন বলেন, বর্তমানে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।