ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ডা. গোলাম কবির (৭২) নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার ( ২৫ মার্চ ) সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
নিহত ব্যক্তির নাম মিন্টু (৫৫) বলে জানা গেছে।
অভিযুক্ত বড় ভাই জেলা কৃষক লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।
বুধবার সকালে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ডা. গোলাম কবির ক্ষিপ্ত হয়ে তার নিজের বন্দুক দিয়ে ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।
গুরুতর আহত অবস্থায় মিন্টুকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক গোলাম কবিরকে হাতে-নাতে আটক করে। পরে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের পাশাপাশি অন্য কোনো কারণ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’