| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মায় বাসডুবি:

আরো ৫ লাশ উদ্ধার, মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 43419 বার পঠিত
আরো ৫ লাশ উদ্ধার, মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি নদী থেকে তুলে আনে।

উদ্ধারকারী দল জানায়, বাসের ভেতর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে নদী থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বাসটি নদীতে তলিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আরও দুজনের মরদেহ উদ্ধার করেন।

নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, ১১ জন নারী এবং ৮ জন শিশু রয়েছে। ইতোমধ্যে সকলের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ২২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উদ্ধার করা মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল।

জানা যায়, দুর্ঘটনাকবলিত সৌহার্দ্য পরিবহনের বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিখোঁজ যাত্রীদের স্বজনরা ফেরিঘাট এলাকায় ভিড় জমিয়ে আহাজারি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪