সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের বরাতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বুধবার (২৫ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে কিন্তু তারা এখনো সৌদি আরব ত্যাগ করেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে যেকোনো দিন টিকিট সংগ্রহ করে সরাসরি বিমানবন্দরে গেলেই তারা সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীরা কোনো ধরনের জরিমানা ছাড়াই এবং ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই দেশ ত্যাগের সুযোগ পাবেন।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য। যাদের ভিসার মেয়াদ ২৫ ফেব্রুয়ারির পর শেষ হয়েছে, তাদের জন্য ১৮ এপ্রিল পর্যন্তই এই বিশেষ সুযোগ বহাল থাকবে। নির্ধারিত সময়ের পর আর সৌদি আরবে অবস্থান করার সুযোগ থাকবে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।