| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইমামের ওপর হামলা, আহত ১

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 41987 বার পঠিত
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইমামের ওপর হামলা, আহত ১

নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক মসজিদের ইমামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে মো. নাহিদ হাসান (২০) নামে ওই ইমাম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেনের ছেলে এবং সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম।

আহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় কয়েকজন বখাটে যুবক প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইমাম নাহিদ হাসান। বৃহস্পতিবার সকালে বোনের মেয়েকে নিয়ে ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে একদল মাদকাসক্ত যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহানসহ ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বজনরা। তারা জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪