রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।