নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে সাগর হোসেন নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শুক্রবার ( ২৭ মার্চ) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেটকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হন। আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।