নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে একটি অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি নির্জন প্লটে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি চক্র প্রায় ২০টি ঘোড়া ওই স্থানে নিয়ে আসে এবং সেগুলো জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। ইতোমধ্যে ৯টি ঘোড়া জবাই করা হয়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়।
খবর পেয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১টি জীবিত এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পূর্বাচলের নির্জন এলাকাগুলো ব্যবহার করে রাতে ঘোড়া এনে জবাই করে আসছিল। পরে সেই মাংস গরুর মাংস বলে কম দামে বিভিন্ন মাংসের দোকান ও কিছু রেস্তোরাঁয় সরবরাহ করা হতো, যার ফলে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।