হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মশাদিয়া গ্রামে রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুদের মধ্যে ঝগড়া কেন্দ্র করে মশাদিয়া গ্রামের সেনু মিয়া ও আওয়াল মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।