নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে হোটেলের টিনের চালা উড়ে যায় এবং দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে চলে যান।
রোববার (২৯ মার্চ) বিকেলে গোদনাইল বাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৫০ মিনিটের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, সেমিপাকা বন্ধ হোটেলটির টিনের চালা দিয়ে অনবরত ধোঁয়া বের হচ্ছিল। এসময় আতংকে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন এবং নিরাপদ স্থানে চলে যান তারা।
স্থানীয়রা জানান, খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেল পরিচালনাকারী শাহিদা বিকেল পর্যন্ত বিক্রি শেষে হোটেল বন্ধ করে চলে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে হোটেলে চুলা জ্বালানোর কারণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।