| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 30-03-2026 ইং
  • 36130 বার পঠিত
বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসক ও নার্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, হামসহ ৬টি রোগের টিকা কিনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা দেশে এলে ভ্যাকসিন কর্মসূচি সম্প্রসারিত করা হবে।

তিনি বলেন, মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট মাত্র ১৮ ঘণ্টার মধ্যে চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতেও নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও ২০১৮ সালের পর আর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি।

ফলে যেসব শিশু টিকার আওতায় আসেনি বা পরে জন্ম নিয়েছে, তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। যারা টিকা পায়নি, তাদের মধ্যেই হামের প্রকোপ বেশি।

তিনি আরও বলেন, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি জানান, ২০১৮ সালের পর ৮ বছর হামের টিকার কোনো ক্যাম্পেইন হয়নি।

এছাড়া মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়ে সহযোগিতার পরিকল্পনা তৈরি করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই পরিকল্পনা মে মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের সংক্রমণ হঠাৎ বাড়লেও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪