সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় আনন্দনগর হাউজিংয়ের ভেতরে স্বপনের ফ্লাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত মহিদুল ঝিনাইদ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে। পুলিশ জানায়, স্থানীয়রা সকালে অজ্ঞাতনামা মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানাকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক মো. মেহেদী হাসান জানান, নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। হাতের আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের তদন্ত চলছে।