দিনাজপুরের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক-এর স্ত্রী খাদিজা মল্লিক সীমু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩০ মার্চ) রাত প্রায় ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হাকিমপুরে বাবার বাড়িতে অবস্থানকালে খাদিজা অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানিয়েছেন, খাদিজার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার আগে সোমবার বিকাল ৫টা ৪৬ মিনিটে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দেন খাদিজা। সেখানে তিনি সাত বছরের দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে ধরেন।
তিনি লেখেন, বিয়ের ২-৩ মাস পর থেকেই তিনি অন্যায় ও নির্যাতনের শিকার হয়ে আসছেন এবং দীর্ঘদিনের এই পরিস্থিতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
স্ট্যাটাসে তিনি তার এই অবস্থার জন্য সরাসরি স্বামী শিবলী সাদিক, কথিত বান্ধবী ববি ইসলাম এবং শামীমসহ আরও কয়েকজনকে দায়ী করেন।
তিনি অভিযোগ করেন, তার স্বামী একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি এবং তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে কষ্ট দিয়ে আসছেন।
খাদিজা আরও দাবি করেন, ববি ইসলাম নামের এক নারীর সঙ্গে শিবলী সাদিকের সম্পর্ক রয়েছে এবং তাকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি, নিজের দাম্পত্য জীবনের প্রচেষ্টা যথাযথ মূল্যায়ন না পাওয়ায় তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে উল্লেখ করেন।
স্ট্যাটাসে তিনি তার পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, এই সিদ্ধান্ত ভুল হলেও তিনি ন্যায়বিচার পাবেন না এমন আশঙ্কা থেকেই এই পথ বেছে নিয়েছেন। তিনি তার শুভাকাঙ্ক্ষীদের কাছে তার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করার আহবান জানান।
উল্লেখ্য, শিবলী সাদিক পূর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০১৯ সালে তিনি খাদিজা মল্লিক সীমুকে বিয়ে করেন।