মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে আবু সুফিয়ান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এই অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি গুদামে অভিযান চালানো হয়। গুদামটি আবু সুফিয়ানের মালিকানাধীন। অভিযানের সময় গুদাম থেকে ২৬টি ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তেলগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল এবং তা চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় গুদাম মালিক আবু সুফিয়ানকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, জব্দকৃত তেল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য মজুত ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।