ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোররাত থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তারা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় ভোরে সিএনজিচালিত একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই বারেক (৪২) ও মোস্তফা (৪০) নিহত হন। এ সময় আরও চারজন আহত হন।
এদিকে, কুমিল্লার নিমসার বাজার-সংলগ্ন এলাকায় ভোর পৌনে ৪টার দিকে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির পেছনে ট্রাকের ধাক্কায় দুই চালক জহিরুল ইসলাম (মইন) (২৭) ও সোহেল রানা (৩৫) নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় মহাসড়ক পারাপারের সময় লরিচাপায় প্রাণ হারায় নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম (১৪)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ঘাতক লরিটি আটক করেছে পুলিশ।
অন্যদিকে, চৌদ্দগ্রামের গাংরা এলাকায় ভোরে বিকল হয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চালক ওমর ফারুক (৩৯) নিহত হন। এছাড়া দুপুরে একই উপজেলার সোনালী ব্যাংকের সামনে মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হাজেরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।