| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উন্নয়নের আড়ালে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি হয়েছে: প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 29740 বার পঠিত
উন্নয়নের আড়ালে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি হয়েছে: প্রতিমন্ত্রী

জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে ক্রীড়া খাতে ব্যাপক দুর্নীতি করা হয়েছে, যার কারণে আজ স্টেডিয়ামগুলো নাজুক অবস্থায় রয়েছে। উন্নয়নের নামে ক্রীড়া খাতে অতীতে ‘মেগা দুর্নীতি’ হয়েছে। এমনটাই অভিযোগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার (১ এপ্রিল) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।   

প্রতিমন্ত্রী জানান, সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করা হবে। একইসঙ্গে দেশের ৬৪ জেলায় একযোগে এই কর্মসূচি চালু হবে, যার আওতায় ফুটবল, ক্রিকেটসহ সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।

আমিনুল হক বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা সরকারের লক্ষ্য। আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনাও চলছে। মেধাবী খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থা রাখা হবে, যাতে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়ে ওঠে।

এছাড়া তিনি দেশের জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে উল্লেখ করেন। ইতোমধ্যে ১২৯ খেলোয়াড় এই সুবিধার আওতায় এসেছে, এবং আগামী সাত দিনের মধ্যে আরও প্রায় ৫০০ জন অন্তর্ভুক্ত করা হবে। পদকজয়ীদের পুরস্কৃত করা এবং ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে।

সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়ের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, খেলায় হার-জিত থাকবেই, হতাশ হওয়ার কিছু নেই। অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি আরও জানান, বর্তমান সরকার ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি ও শুটিংসহ সব ধরনের খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চায়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির নেতা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪