দেশের ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনা ঘটেছে কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ ও টাঙ্গাইলে।
কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত আফরান (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভাদালিয়া এলাকার এই শিশু আট দিন ধরে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শ দেন, কিন্তু আর্থিক সংকটের কারণে পরিবার তা পারেনি। অবশেষে শুক্রবার ভোরে শিশুটি মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্ত এলাকায় বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ময়মনসিংহ: ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো টিকা না নেওয়া এবং অসচেতনার কারণে গ্রামীণ এলাকার শিশুরা এ ধরনের রোগে বেশি ঝুঁকিতে পড়ে।
টাঙ্গাইল: টাঙ্গাইলে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে অন্তত এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও বেশ কিছু শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত শিশুদের অধিকাংশই নিয়মিত টিকা গ্রহণ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আক্রান্ত এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। অভিভাবকদের শিশুদের জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকার আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।