দেশে ছয় থেকে ৫৯ মাস বয়সের সব শিশুকে হামের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৫ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশে এ মুহূর্তে ছয় মাস থেকে ৫৯ মাস পর্যন্ত আমরা সব শিশুদের এ টিকা দেয়া হবে। এই বয়সের কোনো শিশু যদি আগে হামের টিকা নিয়ে থাকে তাদেরও এ টিকা দেয়া হবে। আর যারা এ মুহূর্তে অসুস্থ (হাম কিংবা জ্বর) যারা হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের ভিটামিন এ খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে যদি কোনো শিশু ইতোমধ্যে মিজেলস্ টিকা নিয়ে থাকে, তাহলে পুনরায় টিকা দেয়া হলেও কোনো সমস্যা হবে না।
রোববার থেকে শুরু হওয়া বিশেষ টিকাদান কর্মসূচির ৩০ উপজেলাগুলো হলো - রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।