ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি-মেঘনা সেতুর দুই পাশে ৮ কিলোমিটার অংশজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে দাউদকান্দি সেতুর টোলপ্লাজায় টোলবক্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় দীর্ঘ সময় টোল নিতে ব্যাঘাত ঘটে। প্রায় দুই ঘণ্টা পর টোল নেওয়া শুরু হলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু হয়।
টোলপ্লাজায় যানচলাচল স্বাভাবিক হতেই মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় কিছু গাড়ি উল্টোপথে চলার চেষ্টা করলে মহাসড়ক ব্লক হয়ে দাউদকান্দি ও ভবেরচর এলাকার অন্তত প্রায় ৮ কিলোমিটার অংশে যান চলাচল থেমে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ বেলা ১১টায় বিকল হয়ে যাওয়া গাড়ি সরিয়ে নিলে মহাসড়কে আবার যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দুপুর পৌনে ১টা পর্যন্ত থেমে থেমে যানচলাচল করতে দেখা গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ভোররাতে টোলপ্লাজায় সমস্যা এবং ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল তবে এখন মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।