বরিশাল জেলার গৌরনদী উপজেলায় একটি তেলবাহী ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ট্রাক চালকের দ্রুত প্রতিক্রিয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে এবং সাত হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল অক্ষত রয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পেট্রোলবোঝাই ট্রাকটি তেল সরবরাহের জন্য সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করার সময় স্পার্কিং থেকে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক গাড়িটি ফিলিং স্টেশনের পাশ্ববর্তী গৌরনদী-আগৈলঝাড়া সড়কে সরিয়ে নেন। এর ফলে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পায় এবং বড় ধরনের বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়।
ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় ফিলিং স্টেশনে থাকা একটি ডিজেল চালিত থ্রি-হুইলার ও মোটরসাইকেল ভস্মিভুত হয়। এছাড়া একটি কাভার্ড ভ্যানের কিছু অংশ এবং ফিলিং স্টেশনটির ক্যাশ কাউন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিজানুর রহমান আরও জানান, “চালকের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে।”