| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নকল রোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 22577 বার পঠিত
নকল রোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস রোধে আগের মতোই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিগগিরই এটি জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

তিনি আরও বলেন, নতুন আইনে ডিজিটাল পদ্ধতিতে নকল প্রতিরোধের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি পাবলিক পরীক্ষার সংজ্ঞায় পরিবর্তন এনে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা নয়, চাকরি ও ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষাকেও এই আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় এটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি। এই বরাদ্দ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলোর কারণ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতীতে নেওয়া ২০০টির বেশি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাফিজ/ আয়না নিউজ



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪