চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী ও খুলশী থানা এলাকায় অবৈধভাবে মজুত ও বোতলজাত ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৯টা থেকে বুধবার (৮ এপ্রিল) ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনায় দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
গুলবাগ আবাসিক এলাকায় অবস্থিত আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম সনদ ছাড়া ফর্টিফায়েড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অভিযোগের প্রমান পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের পলাতক মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশসহ প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১০৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০ হাজার পিস মোড়ক এবং খালি বোতল জব্দ করে বায়েজীদ থানা পুলিশের জিম্মায় দেয়।
এদিকে খুলশীর দুই নম্বর গেট এলাকায় মাবিয়া স্টোরে সরকারি লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং একই এলাকায় খাজা স্টোরে লাইসেন্স থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার নেতৃত্ব দেন। এসময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুর রহিম ও পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এছাড়া র্যাব কর্মকর্তা সাইফুর রহমানসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফ এ / আয়না টিভি