| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু, আহত দুই

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 21991 বার পঠিত
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু, আহত দুই

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের আলবানি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং তাদের ঘনিষ্ঠ বন্ধু ফাহিম আলিম (২৭)। তারা সবাই আলবানির লাউডনভিল এলাকায় বসবাস করতেন।

আহতরা হলেন, হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং তার এক বছর বয়সী নাতনী ইকরা। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে আলবানি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় একটি প্রাইভেটকারে করে তারা ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যরেখা অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন বাংলাদেশিসহ মোট চারজন নিহত হন।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের জানাজার নামাজ বুধবার জোহরের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে তাদের মরদেহ নিউ জার্সির মার্লবোরো মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪