| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্পের স্থান পরিদর্শনে স্বাস্থ্য সচিব

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 19205 বার পঠিত
বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্পের স্থান পরিদর্শনে স্বাস্থ্য সচিব

নীলফামারী প্রতিনিধি :  উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। নীলফামারীতে চীন সরকারের অনুদানে প্রস্তাবিত ১০০০ শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজ সরেজমিনে নির্ধারিত স্থান পরিদর্শন করেছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় প্রধানমন্ত্রীর দপ্তরের গঠিত কমিটির সভাপতি ও স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রকল্প এলাকা ঘুরে দেখেন। 

এ সময় তারা হাসপাতালের জন্য নির্ধারিত জমির অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং কারিগরি দিকগুলো পর্যালোচনা করেন। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটির বাস্তবায়নযোগ্যতা যাচাই ও অবকাঠামোগত পরিকল্পনা প্রণয়নে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় স্বাস্থ্য সচিব জানান, এই বিশেষায়িত হাসপাতালটি নির্মিত হলে উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। উন্নত ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি নীলফামারী সরকারি মেডিকেল কলেজকে হাসপাতালের পাশের জমিতে স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, একই চত্বরে হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপিত হলে শিক্ষার্থীরা আধুনিক চিকিৎসা প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ পাবে এবং সাধারণ মানুষ উন্নতমানের চিকিৎসাসেবা পাবে সহজেই।

প্রতিনিধি দলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ থেকে ৬টি জেলার মানুষের জন্য এটি হবে উন্নত চিকিৎসার প্রধান কেন্দ্র। এতে করে চিকিৎসার জন্য রাজধানী বা বিদেশে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমে আসবে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রকল্পটির কাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪