| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 16771 বার পঠিত
নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

নরসিংদীর সদর উপজেলার মাধবদীর ভগিরথপুর গ্রামে একটি কুলখানির অনুষ্ঠানে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নিতে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বিদ্যালয়ের গেট খুলে দেওয়া হলে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ মাঠে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান এবং পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫)। অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, আহতদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি আছেন এবং গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, কুলখানির অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪