ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনাস্থলেই পিকআপ যাত্রী জাহাঙ্গীর মোল্লা (৪০) নিহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে আরও একজন যাত্রী আলমগীর শেখ (৪০) মারা যান। নিহতদের মধ্যে একজনের বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে বলে জানা গেছে।
আহতদের স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকেরই হাত, পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আরও পড়ুন :
চিকিৎসকের কাছে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেফতার ৭
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস এবং টেকেরহাট থেকে আসা বাঙ্গী বোঝাই পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ভাঙ্গা স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজ/ আয়না নিউজ