| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় মজুত তেল পুরোনো দামে বিক্রির নির্দেশ, অমান্য করায় জরিমানা

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 135 বার পঠিত
সাতক্ষীরায় মজুত তেল পুরোনো দামে বিক্রির নির্দেশ, অমান্য করায় জরিমানা

সাতক্ষীরা  প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সকল ফিলিং স্টেশনে মজুত থাকা জ্বালানি তেল আগের দামে বিক্রির নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আখতার। নির্দেশনা অমান্য করায় ইতোমধ্যে দুইটি ফিলিং স্টেশনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) রাত থেকেই জেলার প্রতিটি পাম্পে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, ডিপো থেকে নতুন সরবরাহ আসার আগে পর্যন্ত মজুত থাকা তেল পুরোনো দামেই বিক্রি করতে হবে। নতুন দামে বিক্রি করা যাবে শুধুমাত্র নতুন চালান পাওয়ার পর।

রোববার (১৯ এপ্রিল) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার ঘোষিত নতুন জ্বালানি মূল্য কার্যকর হলেও তা কেবল নতুন সরবরাহকৃত তেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

জেলা প্রশাসনের দৈনিক জ্বালানি প্রতিবেদনে দেখা যায়, জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুত রয়েছে।

তবে মাঠপর্যায়ে গিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। রোববার শহরের বিভিন্ন ফিলিং স্টেশন, বিশেষ করে ‘এ বি খান ফিলিং স্টেশন’-এ গিয়ে দেখা যায়, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মজুত তেলও নতুন বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এমনকি দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার হারুন-অর-রশিদের উপস্থিতিতেও এই অনিয়ম লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে ‘এ বি খান ফিলিং স্টেশন’-এর পরিচালক তাহসিন কবির খান দাবি করেন, মজুত তেল আগের দামে বিক্রির বিষয়ে তারা জেলা প্রশাসনের কোনো নির্দেশনা পাননি।

এদিকে আকস্মিক মূল্য বৃদ্ধিতে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

জেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলার সকল ফিলিং স্টেশনে মনিটরিং জোরদার করা হয়েছে। ইতোমধ্যে নির্দেশনা অমান্য করায় সাতক্ষীরা শহরের লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা এবং এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। নতুন দরে ডিজেলের মূল্য ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪