নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০৪ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শুভ ইসলাম, রাব্বি, হাসিবুল, মেহেদী হাসান ও বানী মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে মহারাজপুর গ্রামে অভিযান চালায় গুরুদাসপুর থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০.৪ গ্রাম ওজনের ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ