| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা গ্রহণ করবে না সরকার: আইনমন্ত্রী

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 187 বার পঠিত
পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা গ্রহণ করবে না সরকার: আইনমন্ত্রী

বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।  তিনি বলেন, বর্তমান সরকার কোনোভাবেই অনৈতিক বা পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা গ্রহণ করবে না।

শুক্রবার ( ২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশে বিচার বিভাগ সাংবিধানিকভাবে স্বাধীন হলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা পুরোপুরি ধরে রাখতে ব্যর্থ হয়েছে। অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে বিচার বিভাগের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে জনগণের আস্থা দুর্বল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সরকার নতুন কিছু আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন এবং জুলাই সনদ আইন। এসব প্রস্তাবিত আইন সংসদে উপস্থাপনের আগে যথাযথ যাচাই-বাছাই করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন থাকলেও এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর উদ্যোগে সমাধান আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দেশে বিভাজনের রাজনীতি থেকে সরে এসে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান আইনমন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করে তিনি বলেন, বর্তমানে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা অনেক কমেছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার ওপরও তিনি গুরুত্ব দেন।

যশোরের বিচার ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী যশোর কোর্টকে আরও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে এবং আইনজীবীদের সুবিধা বাড়াতে বিচার বিভাগের বাজেটও বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিচার বিভাগের স্বাধীনতা জোরদার এবং আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪