চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয়ন আল মামুন (৩২) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় তিনি চুয়াডাঙ্গা সদর থানায় আশ্রয় নিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রোববার (২৬ এপ্রিল) রাতে শহরের বিএডিসি মোড়ের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে থানায় পৌঁছে যান তিনি। পরে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
আহত নয়ন আল মামুন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারপাড়ার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নয়ন আল মামুনসহ দুইজন মোটরসাইকেলে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে বিএডিসি সড়কের পুরাতন স্টেডিয়ামের কাছে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নয়নের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়।
আহতের বড় ভাই জানান, হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি এবং ঘটনার সুনির্দিষ্ট কারণও পরিষ্কার নয়। তিনি বলেন, আমার ভাই তাদের চিনে না বলে জানিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী বা ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, রক্তাক্ত অবস্থায় নিজেই থানায় এসে আশ্রয় নেন ওই যুবক। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ