| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পতাকা বৈঠক ব্যর্থ, শূন্য রেখায় আটকে ২৮ জন, মানবিক সংকট চরমে

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 151 বার পঠিত
পতাকা বৈঠক ব্যর্থ, শূন্য রেখায় আটকে ২৮ জন, মানবিক সংকট চরমে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইন চেষ্টায় আটকেপড়া ২৮ জনকে কেন্দ্র করে বিজিবি–বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। ফলে ওই ২৮ জন এখনো সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৩/৬-আর এলাকার কাছে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল দ্রুত গিয়ে তাদের প্রবেশ ঠেকায়। এরপর থেকেই তারা শূন্য রেখায় অবস্থান করছে।

ভুক্তভোগীদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে বলে জানা গেছে।

পরবর্তীতে দুপুরে উভয় বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। বিজিবি জানায়, যাচাই-বাছাই ছাড়া কাউকে পুশ-ইন গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

 অন্যদিকে বিএসএফ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তারা ওই ব্যক্তিদের ফেরত নিতে পারবে না।

বৈঠক ব্যর্থ হওয়ায় সীমান্তের শূন্য রেখায় অবস্থানরত ২৮ জন অনিশ্চয়তায় পড়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের পর এলাকায় ঝুম বৃষ্টি শুরু হলে তাদের দুর্ভোগ আরও বাড়ে। খোলা আকাশের নিচে অবস্থান করায় নারী ও শিশুদের কান্নার শব্দও শোনা যায় বলে দাবি করেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে মানবিক সংকট হিসেবে উল্লেখ করে দ্রুত সমাধানের আহবান জানিয়েছেন। বিজিবি বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

বর্তমানে উভয় পক্ষের মধ্যে আবারও যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সমাধান হয়নি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪