৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে মিছিল নিয়ে যেতে চাইলে তাদের আটকে দেয় পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে রওনা দেন ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা। তবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছাতেই পুলিশ তাদের বাধা দেয়।
বাধা পেয়ে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
প্রতিবাদকারীদের অভিযোগ,পূর্বের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হলেও এবার মাত্র দুই মাসেরও কম সময় দেওয়া হয়েছে। তাদের দাবি, এই সময়সীমা সম্পূর্ণ অযৌক্তিক।
আমরা পর্যাপ্ত প্রস্তুতির সময় চাই। সময় না দিলে পরীক্ষা পিছিয়ে দিতে হবে। আমাদের দাবি না মানলে আমরা রাজপথেই আন্দোলন চালিয়ে যাব।”
শিক্ষার্থীরা ২৭ নভেম্বরের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানান। একই সঙ্গে পিএসসি চেয়ারম্যানের পদত্যাগেরও দাবি তুলেছেন তারা। তাদের অভিযোগ আন্দোলন চলার পরও পিএসসি চেয়ারম্যান স্বৈরাচারী আচরণ করছেন।
এ বছরের ১৯ সেপ্টেম্বর দেশের ৮ বিভাগে অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন। ফল প্রকাশ হয় ২৮ সেপ্টেম্বর।
পরীক্ষা পেছানো হবে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি পিএসসি। পরীক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।