বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও বীমা খাতকে দলীয়করণমুক্ত করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এ কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার ( ২৬ নভেম্বর ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক ইনস্যুরেন্স কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না। বর্তমানে দেশে প্রায় ২০টি প্রতিষ্ঠান এমন সংকটে আছে। যারা লুটপাট করেছে তাদের অবস্থার কথা ভাবুন। আগামী দিনে ক্ষমতায় এলে এই পরিস্থিতি চলতে দেওয়া হবে না। এসব জায়গায় বড় ধরনের সংস্কার জরুরি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে। এ প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে।
তিনি অভিযোগ করেন, বিগত সরকার দলীয় বিবেচনায় অনেক ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানি গঠন করেছে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। আর এসব প্রতিষ্ঠানে জবাবদিহি না থাকায় সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।
তিনি দাবি করে বলেন, একটি নির্বাচিত সরকারই ব্যাংক ও বীমা খাতে প্রকৃত স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে সক্ষম।