গত ২১ নভেম্বর মুম্বাইয়ের আদালতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের ২(এ) ধারায় বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি তার স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এস সি তাডয়ের আদালতে মামলার আবেদন শুনানির পরে পিটার হাগকে নোটিশ পাঠান আদালত। ১২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
অভিযোগপত্রে ৪৭ বছর বয়সী অভিনেত্রী অস্ট্রিয়ান স্বামী পিটার হাগের হাতে গুরুতর মানসিক, শারীরিক, যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন। তার সন্তানরা বাবার সাথে বসবাস করলেও নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দেশ ত্যাগ করে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি।
সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ রুপি এবং নিজের খোরপোশের জন্য ৫০ কোটি রুপি দাবি করে মুম্বাই আদালতে অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী স্বামী পিটার হাগের বিরুদ্ধ্যে মামলা করেছেন অভিনেত্রী। দুবাই ও সিঙ্গাপুরের স্বনামধন্য হোটেল চেইন ব্যাবসা রয়েছে পিটার হাগের। বিশেষ করে দুবাইয়ের ইমার হসপিটালিটি গ্রুপে মার্কেটিং ও ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
ভারতীয় একটি ফ্যাশন ব্র্যান্ডের স্টোর ওপেনিংয়ে দুবাইয়ে এক ইভেন্টে প্রথম দেখা হয় সেলিনা জেটলি ও পিটার হাগের। ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর মুম্বাইয়ে পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের আংটি বদল এবং ২০১১ সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
গত বছর সেলিনা জেটলি স্বামীকে নিয়ে ভালোবাসায় ভরা একাধিক ছবি পোস্ট করেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে মামলা করলেন তিনি।