বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারক করছে।
এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মোনাজাতে উপস্থিত থাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।
স্বাস্থ্যপরীক্ষার জন্য গত রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শশক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন।