বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা এই ফুলের তোড়া পৌঁছে দেন।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি সিসিইউতে আছেন এবং পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় লাগবে।
লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখছেন।
এদিকে ঢাকায় খালেদা জিয়ার পাশেই রয়েছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।