খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজ নামে আরেক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত ঈশান ও রাজের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে ঈশানের অবস্থার অবনতি হলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত রাজ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মীর আতাহার আলী জানান, ধারালো অস্ত্রের আঘাতে ঈশানের পেটের ডান পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।